ডেস্ক রিপোর্ট: এক হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেয়েছে দুর্বল পাঁচটি ব্যাংক। এখন পর্যন্ত ছয়টি সবল ব্যাংক এ সহায়তা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, এক্সিম ও ন্যাশনাল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ব্যাংকখাতে চরম অস্থিরতা এবং তারল্য সংকট সমাধানে প্রথম পদক্ষেপ হিসেবে ১১ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়। নেওয়া হয় দুর্বল ব্যাংক চিহ্নিত এবং তারল্য সহায়তার উদ্যোগ।
এক মাস ধরে এ নিয়ে চলে আলোচনা। পরে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে এগিয়ে আসে ১০ সবল ব্যাংক। প্রাথমিকভাবে তারল্য সংকটে পড়া ৫টি ব্যাংককে সহায়তা দেওয়া হলো।
গত আগস্টে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর ১১ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এর মধ্যে এই পাঁচ ব্যাংক ছিল। দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, ইস্টার্ন, বেঙ্গল ও সোনালী ব্যাংক। ঋণ পাওয়ার মাধ্যমে ব্যাংকগুলো আবারও ভাল অবস্থায় ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘আমরা আশা রাখছি আমরা যে মেকানিজমটা উন্নয়ন করেছি সেটার ওপর পূর্ণ আস্থা রেখে অন্য যারা সবল ব্যাংক তারা দ্রুত এগিয়ে আসবে। আমরা একটা এগ্রিমেন্ট করেছি, বাংলাদেশ ব্যাংক এক পা এগিয়ে এসেছে, ওই ব্যাংকগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করে ফেলেছে।
অপরাধ জগত24/এআইএ
