বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন মোড়। তার দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গঠন করে। এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামাকানু মহন্ত ও সিঙ্গাপুর আসামের অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অর্গানাইজার শ্যামকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে আটক হন। বুধবার (১ অক্টোবর) ভোরে এই দুই অভিযুক্তকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়। এর আগে মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিও গ্রেপ্তার হন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগে জানিয়েছিলেন, ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে এবং বলা হয়েছে ৬ অক্টোবরের মধ্যে সিআইডি-র সামনে হাজির হতে। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না। এর পরই তাদের গ্রেপ্তারের খবর আসে।
অপরাধ জগত24/এআইএ
